
আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের বিরুদ্ধে আমেরিকার অর্থনৈতিক সন্ত্রাসবাদে জড়িত থাকার দায়ে একটি মার্কিন বেসরকারি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শনিবার রাতে ‘ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিস’ নামের ওই সংস্থা ও এটির পরিচালক মার্ক ডুবোয়িটস্’র ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইরান-বিরোধী লবিস্ট গ্রুপ ‘ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিস’ বা এফডিডি ও এর পরিচালক মার্ক ডুবোয়িটস্ স্বপ্রণোদিতভাবে ইরান বিরোধী অর্থনৈতিক সন্ত্রাসবাদ চালানোর লক্ষ্যে মিথ্যা তথ্য তৈরি ও প্রচার, উপদেষ্টা সহযোগিতা এবং লবিস্ট হিসেবে কাজ করছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, এফডিডি ও এর পরিচালক ইরানি জনগণের জাতীয় স্বার্থ ও নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করা জন্য ব্যাপক তৎপরতা চালিয়েছে এবং এখনো চালিয়ে যাচ্ছে। এতে আরো বলা হয়, মধ্যপ্রাচ্যে মার্কিন অর্থনৈতিক সন্ত্রাসবাদ ও হঠকারিতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার যে আইন ইরানে রয়েছে তার ৪ ও ৫ নম্বর ধারা অনুযায়ী এফডিডি ও তার পরিচালককে নিষেধাজ্ঞার তালিকায় স্থান দিয়েছে তেহরান।