
আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারের শান প্রদেশেও তাণ্ডব শুরু করেছে দেশটির সেনাবাহিনী। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে প্রদেশজুড়ে, পালাচ্ছে হাজারো মানুষ। এর আগে রাখাইনেও এভাবেই তারা তাণ্ডব চালিয়ে রোহিঙ্গাদের জোরপূর্বক বাস্তুচ্যুত করেছিল। সোমবার (২৬ আগস্ট) এমন তথ্যই জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম। সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী দেশটির শান প্রদেশে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। যার ধারাবাহিকতায় প্রায়ই প্রদেশটির ওইসব বিচ্ছিন্ন গোষ্ঠীগুলোর সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে। তবে কিছু সময়ের মধ্যেই ওইসব সংঘর্ষ নিয়ন্ত্রেণেও চলে আসে। তবে এবারের সংঘর্ষের তীব্রতা বেড়ে যাওয়ায় নিজেদের বাড়িঘর ছেড়ে পালাচ্ছেন প্রদেশটিতে বসবাস করা সাধারণ মানুষ। যারাও আছেন, দেশটির সেনাবাহিনীর তাণ্ডবের মুখে তাদেরও আতঙ্কে দিন কাটাতে হচ্ছে।
সম্প্রতি প্রদেশটির বিভিন্ন সামরিক অবস্থান লক্ষ্য করে চালানো বিদ্রোহীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্য নিহত হওয়ার ঘটনার পর থেকেই সেনাবাহিনী-বিদ্রোহী গোষ্ঠীর মধ্যকার সংঘর্ষ ভিন্ন মাত্রা পায়। স্থানীয় নাগরিক সমাজের কয়েকটি সংগঠন জানিয়েছে, সংঘর্ষের ঘটনায় প্রদেশটি থেকে পালিয়ে গেছেন দুই হাজারেরও বেশি মানুষ। এদিকে রোববার (২৫ আগস্ট) মিয়ানমার সেনাবাহিনী জানিয়েছে, তারা শান প্রদেশ থেকে প্রায় ৭৬২ কেজির মতো মাদকদ্রব্য উদ্ধার করেছে। যেগুলোর বাজারমূল্য প্রায় ১২ দশমিক ৬ মিলিয়ন ডলার। এর আগে গত ২২ আগস্ট-ও প্রায় সাত মিলিয়ন ডলারের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছিল প্রদেশটি থেকে।