News71.com
 International
 28 Aug 19, 01:17 PM
 219           
 0
 28 Aug 19, 01:17 PM

দক্ষিণ চীন সাগর পরিস্থিতি ‘বিদ্বেষপূর্ণভাবে উত্তপ্ত’ করছে আমেরিকা।।বেইজিং

দক্ষিণ চীন সাগর পরিস্থিতি ‘বিদ্বেষপূর্ণভাবে উত্তপ্ত’ করছে আমেরিকা।।বেইজিং

আন্তর্জাতিক ডেস্কঃ আমেরিকা দক্ষিণ চীন সাগর পরিস্থিতিকে ‘বিদ্বেষপূর্ণভাবে উত্তপ্ত করছে’ বলে অভিযোগ করেছে বেইজিং। ভিয়েতনামের দাবিকৃত পানিসীমায় চীন ‘জবরদস্তিমূলক হস্তক্ষেপ করছে’ বলে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় বা পেন্টাগন দাবি করার পর এ অভিযোগ করল বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং গতকাল মঙ্গলবার বেইজিং-এ এক সংবাদ সম্মেলনে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বারবার চীনের বিরুদ্ধে হঠকারী মন্তব্য ও অনাকাঙ্ক্ষিত সমালোচনা করছে। আমেরিকা ‘বাস্তবতাকে বিকৃত করে অকাট্য সত্য সম্পর্কে বিভ্রান্তি ছড়াচ্ছে’ বলেও তিনি অভিযোগ করেন। শুয়াং এ ধরনের ‘উত্তেজনা সৃষ্টিকারী আচরণ’ পরিহার করে আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুগুলোতে ‘ইতিবাচক ও গঠনমূলক’ ভূমিকা পালন করার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান। পেন্টাগন সম্প্রতি বলেছিল, দক্ষিণ চীন সাগরে ভিয়েতনামের দীর্ঘদিনের তেল ও গ্যাস তৎপরতায় আবার জবরদস্তিমূলক হস্তক্ষেপ শুরু করেছে বেইজিং।

দক্ষিণ চীন সাগরের পুরো মালিকানা দাবি করে বেইজিং। সম্প্রতি চীন ভিয়েতনামের পানিসীমায় একটি পর্যবেক্ষণকারী জাহাজ মোতায়েন করেছে। আমেরিকা এক সময় ভিয়েতনামের চরম শত্রু থাকলেও সাম্প্রতিক সময়ে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করেছে হ্যানয়। চীনের পর্যবেক্ষক জাহাজ ভিয়েতনামের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে বলে হ্যানয় অভিযোগ করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন