
আন্তর্জাতিক ডেস্কঃ আমাজনের দাবানল নিয়ন্ত্রণে জি-৭ বৈঠক থেকে প্রস্তাবিত ২২ মিলিয়ন মার্কিন ডলারের আর্থিক সহায়তা নিতে অস্বীকৃতি জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত তিনি এই সহায়তা নেবেন না বলে জানিয়েছেন তিনি। তিনি জানান, 'মিথ্যাবাদী' বলে ব্যক্তিগতভাবে আক্রমণের জন্য ফ্রান্সের এই নেতার ক্ষমা চাইতে হবে। আমাজনের দাবানল নিয়ন্ত্রণে ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো 'মিথ্যাচার' করছেন বলে মন্তব্য করেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এর আগে অবশ্য জি-৭ এর আর্থিক সহায়তা লাগবে বলে জানিয়ে দিয়েছিল ব্রাজিল। পাশাপাশি বৈদেশিক শক্তি আমাজনের নিয়ন্ত্রণ নিতে চায় বলেও অভিযোগ করে দেশটি।