
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের ২৭টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক ১২টিতে একীভূত হয়ে যাচ্ছে। এর মধ্যে ১০টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক চারটিতে মিশে যাচ্ছে। আজ শুক্রবার নয়াদিল্লিতে দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দিয়েছেন। সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী জানান, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ওরিয়েন্টাল ব্যাংক ও ইউনাইটেড ব্যাংক একীভূত হচ্ছে। অন্যদিকে ইউনিয়ন ব্যাংক, অন্ধ্র ব্যাংক ও কর্পোরেশন ব্যাংক এক হয়ে যাচ্ছে। এদিকে এলাহাবাদ ব্যাংকের সঙ্গে সংযুক্ত হচ্ছে ইন্ডিয়ান ব্যাঙ্ক। কানাড়া ব্যাংক ও সিন্ডিকেট ব্যাংক একীভূত হচ্ছে। অর্থমন্ত্রীর দাবি, একীভূত করার ফলে আন্তর্জাতিক বাজারে ব্যাংকগুলো উপস্থিতি আরও বাড়বে। অর্থসচিব রাজীব কুমার জানান, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ওরিয়েন্টাল ব্যাংক ও ইউনাইটেড ব্যাংকের মোট মূলধন ১৭.৫ লাখ কোটি টাকা। ইউনিয়ন ব্যাংক, অন্ধ্র ব্যাংক ও কর্পোরেশন ব্যাংকের ব্যবসায়িক লেনদেনের পরিমাণ ১৪.৬ লাখ টাকা। এলাহাবাদ ব্যাংক ও ইন্ডিয়ান ব্যাংকের মোট ব্যবসার পরিমাণ ৮.৮ লাখ টাকা।