
আন্তর্জাতিক ডেস্কঃ অ্যামাজন বনে জ্বলতে থাকা আগুন নিয়ন্ত্রণে মার্কিন প্রশাসনের সহায়তা চেয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো। এ বিষয়ে কথা বলতে যুক্তরাষ্ট্রে গেছেন বলসোনারোর প্রতিনিধিরা। একই বিষয়ে ফোনালাপের কথা রয়েছে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সাথেও। তবে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো ক্ষমা না চাইলে ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো তার সঙ্গে কোন ধরণের আলোচনা করবেন না বলে আবারও স্পষ্ট জানিয়ে দিয়েছেন। এদিকে, এ বছরই অ্যামাজনে রেকর্ড সংখ্যকবার আগুন লেগেছে বলে বিভিন্ন মহল থেকে প্রচার করা হলেও এ তথ্য সত্য নয় বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বাড়ির পাশেই জ্বলছে আগুন। জ্বলছে বাড়ির উঠান। জমির ফসল পুড়ে গেছে দাবানলে। এতে এক রকম অনাহারেই দিন কাটছে তাদের। আর নতুন ফসল চাষেরও উপায় করতে পারছেন না তারা। তাই ভবিষ্যতও অনিশ্চিত এখানকার বাসিন্দাদের। এরই মধ্যে, জমি পরিষ্কার করতে অ্যামাজন বনে আগুন লাগানোয় ব্রাজিল সরকার নিষেধাজ্ঞা দেয়ায় বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা। এক কৃষক বলেন, ফসলি জমি বের করার জন্য আগুন দেয়াই আমাদের কাছে সবচেয়ে সহজ আর দ্রুততম উপায়। কিন্তু এবার ফসল সব পুড়ে গেছে দাবানলে। দুই সপ্তাহ থেকে আমাদের পরিবার খাবারের চরম সংকটে আছে। আরেকজন বলেন, আমরা চাষের জন্য আগুন দিয়ে জঙ্গল পরিষ্কার করি। কিন্তু এতে কোন ক্ষতি হয় না। হয়তো আগুন বেশিদূর ছড়িয়ে যায়। কিন্তু বনে আগুন লাগা তো খুবই স্বাভাবিক একটা ব্যাপার। দুইমাস চাষ না করলে খাবো কি?