
নিউজ ডেস্কঃ আসামে জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) চূড়ান্ত তালিকা প্রকাশের পর উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করেছে সেখানকার সরকার। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। সীমান্তের বিভিন্ন এলাকায় শুক্রবার (৩০ আগস্ট) থেকেই নজরদারি বাড়ানো হয়েছে। সতর্ক রয়েছেন সীমান্তের ৫৭টি বিওপির জওয়ানরা। বিজিবি সিলেট সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মিসবাহ উদ্দিন রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার (৩১ আগস্ট) সকাল থেকেই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি ছিল আসামসহ গোটা ভারতে। স্থানীয় সময় সকাল ১০টায় প্রকাশিত চূড়ান্ত এ তালিকায় নাম উঠেছে মোট ৩ কোটি ১১ লাখ ২১ হাজার ৪ জনের। বাদ পড়েছে ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জন।
এনআরসি থেকে বাদ পড়াদের মধ্যে রয়েছে ১১ লাখেরও বেশি হিন্দু বাঙালি। ছয় লাখের কিছু বেশি মুসলমান। বাকি দুই লাখের মধ্যে রয়েছে বিহারী, নেপালী, লেপচা প্রভৃতি। এনআরসি থেকে যাদের নাম বাদ পড়েছে, তাদের এখনই উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। আগামী ১২০ দিনের মধ্যে বিদেশি ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন তারা। ট্রাইব্যুনালের আবেদন বিফলে গেলেও নাগরিকত্ব নিয়ে চ্যালেঞ্জ করার সুযোগ থাকবে। সংশ্লিষ্ট ব্যক্তি হাইকোর্ট, তারপর সুপ্রিম কোর্টেও আবেদন করতে পারবেন। এ প্রক্রিয়া চলাকালীন কাউকে ডিটেনশন সেন্টারে পাঠানো হবে না বলে আশ্বস্ত করা হয়েছে। তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন।