News71.com
 International
 01 Sep 19, 01:53 PM
 170           
 0
 01 Sep 19, 01:53 PM

আফগানিস্তানের কুন্দুজে তালেবান অভিযান ও আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩৪॥

আফগানিস্তানের কুন্দুজে তালেবান অভিযান ও আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩৪॥

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের কৌশলগত কুন্দুজ শহরে বড় ধরনের হামলা চালিয়েছে উগ্র জঙ্গি গোষ্ঠী তালেবান। আমেরিকা ও তালেবান যখন একটি ‘শান্তি চুক্তি’র কাছাকাছি পৌঁছে গেছে বলে দাবি করা হচ্ছে তখন এ হামলা চালানো হলো। গতকাল শনিবার ভোররাতে তালেবানের বহু অস্ত্রধারী কুন্দুজ শহরে অনুপ্রবেশ করে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি ভবন দখল করে নেয়। অবশ্য সেনাবাহিনীর পাল্টা হামলায় তারা ওইসব ভবন ছেড়ে চলে যায় বলে কাবুল দাবি করেছে। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কুন্দুজ শহরে গতকাল শনিবার সকাল থেকে তালেবানের বিরুদ্ধে অভিযানে এই জঙ্গি গোষ্ঠীর অন্তত ৩৪ সদস্য নিহত হয়েছে। তালেবান জঙ্গিরা মাঝেমধ্যেই আফগানিস্তানে বিভিন্ন শহর দখল করে এবং পরে সেনাবাহিনীর পাল্টা হামলায় দখল ছেড়ে চলে যায়

এদিকে গতকাল শনিবার বিকেলে কুন্দুজ শহরে এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১১ জন নিহত ও প্রায় ৭০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কুন্দুজের পুলিশ প্রধান মঞ্জুর এস্তানাকজাই রয়েছেন। আত্মঘাতী ওই বোমা হামলার দায় স্বীকার করেছে তালেবান। আফগান সরকারকে বাদ দিয়ে যখন আমেরিকা তালেবানের সঙ্গে কথিত শান্তি আলোচনা চালাচ্ছে তখন কুন্দুজে হামলা ও বোমা বিস্ফোরণের খবর এল। প্রেসিডেন্ট আশরাফ গনির নেতৃত্বাধীন আফগান সরকার শুরু থেকেই এ আলোচনার তীব্র বিরোধিতা করে আসছে। কাবুল বলছে, আফগান সরকারকে উপেক্ষা করে দেশটিতে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন