
আন্তর্জাতিক ডেস্কঃ গত ৩১ আগস্ট (শনিবার) ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। চূড়ান্ত এই তালিকায় জায়গা পেয়েছেন ৩ কোটি ১১ লাখ ২১ হাজার ৪ জন। আর বাদ পড়েছেন ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ মানুষ। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে বিভিন্ন প্রতিবেদন এসেছে। কোনও কোনও গণমাধ্যমে বাদ পড়া এই ১৯ লাখ মানুষের ভবিষ্যত অনিশ্চিত বলা হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের এসব প্রতিবেদন আমলে নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক ভিডিও বার্তায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র প্রথমে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন নেতিবাচক বিষয়গুলো ভুল হিসেবে আখ্যা দেন। তিনি বলেন, ভারত সরকার আসাম অ্যাকর্ড সই করে ১৯৮৫ সালে। এতে আসামের নাগরিকদের যথাযথ যত্ন নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। এনআরসি সেই প্রতিশ্রতির একটি অংশ। দেশের সুপ্রিম কোর্ট সরকারকে ম্যানডেট দিয়েছে এনআরসি হালনাগাদ করার। শুধু তা-ই নয়, সুপ্রিম কোর্ট এনআরসি প্রকাশ পর্যন্ত প্রতিটি পদক্ষেপের সময়সীমা বেঁধে দিয়েছে। সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী এনআরসি প্রকাশ করা হয়েছে।