News71.com
 International
 03 Sep 19, 07:20 PM
 148           
 0
 03 Sep 19, 07:20 PM

চুক্তিহীন ব্রেক্সিটে বাধা পেলে অক্টোবরেই সাধারণ নির্বাচন হবে॥ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী

চুক্তিহীন ব্রেক্সিটে বাধা পেলে অক্টোবরেই সাধারণ নির্বাচন হবে॥ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, চুক্তিহীন ব্রেক্সিটে বাধা পেলে অক্টোবরেই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি তার সিদ্ধান্তের বিপরীতে ভোট না দিতে এমপিদের প্রতি আহবান জানিয়েছেন। আগামী ১৪ অক্টোবর নির্বাচন হতে পারে বলে জানা গেছে। চুক্তিহীন ব্রেক্সিট ঠেকাতে ক্ষমতাসীন টোরি দলের সাবেক মন্ত্রীরাও বিরোধী লেবার পার্টিকে সমর্থন দিচ্ছেন। এদিকে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিলে ক্ষমতাসীন টোরি দলের এমপিদের বহিষ্কারের হুমকি দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিরোধী এমপিরা পার্লামেন্টে নতুন প্রস্তাব উত্থাপন করতে পারেন। গতকাল ডাউনিং স্ট্রিটের বাইরে প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, আমি সাধারণ নির্বাচন চাই না, অন্য কেউও চান না। কিন্তু চুক্তিহীন ব্রেক্সিটের বিপক্ষে এমপিরা ভোট দিলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সমঝোতা অসম্ভব হয়ে দাঁড়াবে। তাই নির্বাচন ছাড়া সামনে আর পথ খোলা থাকবে না। তিনি আশা প্রকাশ করে বলেন, ইইউর সঙ্গে তিনি বতর্মান সমঝোতায় পরিবর্তন আনতে পারবেন। বরিস বলেন, ব্রেক্সিট চুক্তি করতে তিনি ইইউ’র কাছে আর সময় চাইবেন না।

 

প্রধানমন্ত্রী বরিস জনসন চুক্তি কিংবা চুক্তি ছাড়াই ৩১ অক্টোবরের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করতে চান। তবে বিরোধী এমপিরা আজ মঙ্গলবার পার্লামেন্টে চুক্তিহীন ব্রেক্সিটের বিপক্ষে নতুন প্রস্তাব উত্থাপন করতে পারেন। তারা ‘স্ট্যান্ডিং অর্ডার-২৪’ বিধি অনুযায়ী এই প্রস্তাব উত্থাপন করবেন। বিধিতে বলা আছে, এমপিরা অতি গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে বিতর্কের জন্য প্রস্তাব উত্থাপন করতে পারেন। ক্ষমতাসীন কনজারভেটিভ বা টোরি দলের এমপিদের সতর্ক করে দেওয়া হয়েছে তারা যাতে চুক্তিহীন ব্রেক্সিটে সরকারের বিপক্ষে ভোট না দেন। বিরোধী লেবার পার্টির এমপিরা যখন সরকারের উদ্যোগ থামানোর পরিকল্পনা করছেন, তখন কনজারভেটিভ এমপিদের সতর্ক করে দেওয়া হলো। 

 

 

পার্লামেন্টের হুইপ অফিস সূত্রে জানা গেছে, ব্রেক্সিট নিয়ে সরকার যে দরকষাকষি করছে বিদ্রোহীরা সেটি ভেস্তে দেবেন। হুইপ অফিসের কাজ হচ্ছে, সরকারের চিন্তাধারা অনুযায়ী এমপিদের ভোট নিশ্চিত করা। এমপিদের বলা হয়েছে, চুক্তিহীন ব্রেক্সিটের বিপক্ষে ভোট দিলে তাদের দল থেকে সাময়িক বহিষ্কার করা হবে। বহিষ্কৃতরা আগামী নির্বাচনে দলের প্রার্থী হতে পারবেন না। ব্রেক্সিট বিষয়ে আগামী ১৭ অক্টোবর একটি চুক্তির সম্ভাবনা রয়েছে। সেদিন ইইউ’র পরবর্তী সম্মেলন অনুষ্ঠিত হবে। সূত্র জানিয়েছে, এই চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ, ব্রাসেলস অনুধাবন করেছে যে ৩১ অক্টোবরের মধ্যে ইইউ থেকে বেরিয়ে যাওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী বরিস সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন