
আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নাজরান বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মঙ্গলবার বিমানবন্দরটির সামরিক স্থাপনায় ব্যালাস্টিক মিসাইল নিক্ষেপ করে তারা। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যানি। খবর আল জাজিরা। হুতি বিদ্রোহীরা এ দায় স্বীকার করে নিয়েছেন। তাদের মুখপাত্র ইয়াহয়া সারি বলেন, ইয়েমেনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বদর-১ ব্যালাস্টিক মিসাইল দিয়ে নাজরান আঞ্চলিক বিমানবন্দর ও এর আশেপাশের সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তিনি জানান, বদর -১ ক্ষেপণাস্ত্রটি ইয়েমেনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এবং এটি হুতিদের হাতে থাকা ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে সবচেয়ে কার্যকরী। ক্ষেপণাস্ত্র হামলাটি সরাসরি ছিল দাবি করে হুতি মুখপাত্র আরও বলেন, হামলার কারণে বিমানবন্দরটির বিমান চলাচল ও স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছিল। এই হামলাটি সৌদি-সংযুক্ত আরব আমিরাত জোটের ‘আগ্রাসনের অপরাধ’ এবং ইয়েমেনি জনগণের উপর তাদের অব্যাহত অবরোধ ও অভিযানের প্রতিক্রিয়া ছিল বলে জানান ইয়াহয়া সারি।
এর আগে সৌদি আরবের আবহা ও জিযান বিমানবন্দরে কয়েক দফা হামলা চালালেও নাজরান বিমানবন্দরে সাম্প্রতিক সময়ে এটিই হুতিদের বড় হামলা বলে জানিয়েছে আল জাজিরা। ইরানি মদদপুষ্ট হুতি বিদ্রোহীরা ২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করার পর দেশটির সৌদি সমর্থিত প্রেসিডেন্ট আব্দে রাব্বি মানসুর হাদিকে ক্ষমতাচ্যুত করে। পরে আব্দে রাব্বি মানসুর দেশ ছেড়ে পালিয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদে চলে যান। এরপর ইয়েমেনের গৃহযুদ্ধে হস্তক্ষেপ করে সৌদি সামরিক জোট। জাতিসংঘ জানায়, গত চার বছর ধরে চলা এ যুদ্ধে অন্তত ছয় হাজার ৮০০ বেসামরিক লোক নিহত ও সাড়ে ১০ হাজারেরও বেশি আহত হয়েছেন।