
আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার সামরিক বাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিটি কৌশলগত হেমেইমিম বিমানঘাঁটিতে সন্ত্রাসী গোষ্ঠীর হামলার প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। সিরিয়ার পশ্চিমাঞ্চলের উপকূলীয় শহর লাতাকিয়ায় এ বিমানঘাঁটি অবস্থিত। সিরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত আল-ইখবারিয়া টেলিভিশন চ্যানেল জানিয়েছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সন্ত্রাসীরা ড্রোন দিয়ে বিমানঘাঁটিতে হামলার চেষ্টা চালায়। তবে বিমান প্রতিরক্ষা ইউনিট ড্রোনগুলোকে প্রতিহত করে। আল-ইখবারিয়া টেলিভিশন চ্যানেলের খবরে বলা হয়েছে, এ সময় বিমানঘাঁটি এলাকায় প্রচণ্ড শব্দ শোনা যায়।
এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ৫ আগস্ট সন্ত্রাসীরা এ ঘাঁটিতে হামলার চেষ্টা চালায় যাতে বহু মানুষ আহত হয়। বিবৃতিতে আরো বলা হয়, সন্ত্রাসীদের গোলা বিমানবন্দরে আঘাত হানে নি এবং বিমানঘাঁটি তার স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সিরিয়ার এ বিমানঘাঁটিতে রাশিয়ার বিমান বাহিনী মোতায়েন রয়েছে এবং এ ঘাঁটি থেকেই সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে আসছে রাশিয়া। এ কারণে ঘাঁটি লক্ষ্য করে বহু সময় সন্ত্রাসীরা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, তবে রাশিয়া এবং সিরিয়ার সেনারা এসব হামলা ব্যর্থ করে দিতে সক্ষম হয়েছে।