News71.com
 International
 04 Sep 19, 01:40 PM
 224           
 0
 04 Sep 19, 01:40 PM

পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারালেন বরিস জনসন॥

পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারালেন বরিস জনসন॥

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাজ্যের পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্রেক্সিট নিয়ে বিতর্কের জেরে গতকাল মঙ্গলবার সরকারি দলের একজন এমপির দলত্যাগের ফলে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ফিলিপ লি নামের ওই এমপি বরিস জনসনের নেতৃত্বাধীন ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি ছেড়ে লিবারেল ডেমোক্র্যাটদের সঙ্গে যোগ দিয়েছেন। তিনি ইউরোপীয় ইউনিয়নের সমর্থক হিসেবে পরিচিত ছিলেন। এর আগে সম্প্রতি কনজারভেটিভ পার্টির আরেক এমপি সারাহ ওলাস্টোনও নিজ দল ছেড়ে লিবারেল ডেমোক্র্যাটদের সঙ্গে যোগ দেন। এর ফলে ১৯৯৬ সালের পর এ প্রথমবারের মতো যুক্তরাজ্যে একটি সংখ্যালঘু সরকার রাষ্ট্র পরিচালনা করছে।

নিজের পদত্যাগপত্রে বরিস জনসনের নীতির কঠোর সমালোচনা করেন ফিলিপ লি। ১৯৯২ সালে কনজারভেটিভ পার্টিতে যোগ দেয়া এ রাজনীতিক বলেন, বরিস জনসনের নেতৃত্বে কনজারভেটিভ পার্টিতে পপুলিজম (লোকরঞ্জনবাদ) ও ইংলিশ জাতীয়তাবাদের সংক্রমণ ঘটছে। বরিস জনসনের বিরুদ্ধে আগ্রাসী উপায়ে এবং অনৈতিকভাবে একটি ভঙ্গুর ব্রেক্সিট বাস্তবায়ন চেষ্টার অভিযোগ করেন ফিলিপ লি। তিনি বলেন, জনসনের অধীনে কনজারভেটিভ পার্টি লোকরঞ্জনবাদ ও ইংলিশ জাতীয়তাবাদের রোগে সংক্রমিত হয়ে পড়েছে। অর্থনীতি, গণতন্ত্র এমনকি রাষ্ট্রের অখণ্ডতাকে বিপদের মুখে ঠেলে দেয়া হচ্ছে।

এদিকে, বিরোধীদল লেবার পার্টির নেতা জেরেমি করবিন বলেন, কোনো চুক্তি ছাড়াই ব্রেক্সিট কার্যকরের চেষ্টা করছেন বরিস জনসন। অথচ সংখ্যাগরিষ্ঠতা হারানোর ফলে তার সরকারের পক্ষে আর কোনো গণরায় নেই। সর্বনাশা চুক্তিহীন ব্রেক্সিটের’ জন্য বরিস জনসন সরকারের চাপ প্রয়োগকে গণতন্ত্রের ওপর নজিরবিহীন হামলা হিসেবে আখ্যায়িত করেন জেরেমি করবিন। তিনি বলেন, ব্রেক্সিট নিয়ে সরকারের পদক্ষেপ গণতন্ত্রবিরোধী ও অসাংবিধানিক। বরিস জনসনের কোনও ম্যান্ডেট, নৈতিকতা ও সংখ্যাগরিষ্ঠতা নেই। যুক্তরাজ্যের ‘নো-ডিল’ ব্রেক্সিট প্রস্তুতি বিষয়ক মন্ত্রী মাইকেল গোভ স্বীকার করেন, চুক্তিহীন ব্রেক্সিট নানা চ্যালেঞ্জ তৈরি করবে। তবে তার দাবি, এসব চ্যালেঞ্জ কমিয়ে আনা সম্ভব। এদিকে, জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা (ইউএনসিটিএডি) ও চুক্তিহীন ব্রেক্সিট নিয়ে উদ্বেগ জানিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন