
আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের একটি তেল ট্যাংকারের ভারতীয় ক্যাপ্টেন অখিলেশ কুমারকে কয়েক মিলিয়ন ডলার ঘুষ দিতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। এর বিনিময়ে তাকে ট্যাংকারটি এমন জায়গায় নিয়ে যেতে অনুরোধ করা হয়েছিল, যেখান থেকে মার্কিন কর্তৃপক্ষ সেটি আটক করতে পারে। গতকাল বৃহস্পতিবার বিবিসির এক খবরে এই তথ্য জানানো হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরান অ্যাকশন গ্র“প বিভাগের প্রধান ব্রায়ান হুক এই প্রস্তাব দিয়ে গত ২৬ আগস্ট আদ্রিয়ান দরিয়া-১ এর ক্যাপ্টেন কুমারকে একটি ইমেল করেছিলেন। মার্কিন পররাষ্ট্র দফতর এই খবরের সত্যতা স্বীকার করেছে। তারা বলেছে, শুধু কুমার নয়, অনেক জাহাজের ক্যাপ্টেনকেই এমন প্রস্তাব দেওয়া হয়েছে। তবে কুমার মার্কিন প্রস্তাব গ্রহণ করেননি। তাই তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ফলে যুক্তরাষ্ট্রে ৪৩ বছর বয়সী কুমারের কোনো সম্পদ থাকলে তা জব্দ করা হবে। এছাড়া কোনো ব্যক্তি তার সঙ্গে যুক্তরাষ্ট্রে আর্থিক লেনদেন করলে তা অপরাধ বলে বিবেচিত হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ এক টুইটে বিষয়টিকে ‘পুরোপুরি ব্ল্যাকমেইল’ বলে উল্লেখ করেন। এদিকে ইরানের ওপর আবারও নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে আসার পর যুক্তরাষ্ট্র তৃতীয়বারের মতো ইরানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। এবারের নিষেধাজ্ঞার আওতায় ইরানের ১৬টি কোম্পানি, ১০ ব্যক্তি ও ১১টি জাহাজ অন্তর্ভুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, এসব কোম্পানি ও ব্যক্তি মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে সিরিয়ায় তেল রপ্তানির কাজে জড়িত।