News71.com
 International
 09 Sep 19, 01:45 PM
 166           
 0
 09 Sep 19, 01:45 PM

ভারত সবসময়ই পাকিস্তানের চেয়ে এগিয়ে॥ পাক সেনা কর্মকর্তা

ভারত সবসময়ই পাকিস্তানের চেয়ে এগিয়ে॥ পাক সেনা কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্কঃ ভারত সবসময়ই পাকিস্তানের চেয়ে একধাপ এগিয়ে বলে মন্তব্য করেছেন অবসরপ্রাপ্ত এক পাক সেনা কর্মকর্তা। পাকিস্তানের সাবেক আর্মি জেনারেল গুলাম মুস্তাফা রবিবার বলেছেন, কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের ঘটনাই হোক, বা সেনা মুভমেন্ট-সব ক্ষেত্রেই এগিয়ে রয়েছে ভারত। তিনি আরও দাবি করেছেন, স্ট্র্যাটেজিক চিন্তাভাবনাতেও বেশ পিছিয়ে রয়েছে পাকিস্তান। আর সেখানেই ভারতের কাছে বারবার পিছিয়ে পড়ে তারা। পাক এ সেনার এমন মন্তব্যে শোরগোল পড়েছে পাকিস্তানে। পাক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাতকারে গুলাম মুস্তাফার দাবি, ৩৭০ ধারা প্রত্যাহারের বিষয়টি নিয়ে এখন হইচই করলেও, আগে থেকে ভারতের পদক্ষেপ সম্পর্কে কোনও ধারণাই করতে পারেনি পাকিস্তান, তার কারণ তাঁদের মধ্যে দূরদর্শিতার অভাব রয়েছে। কোনও কিছুর ভবিষ্যত নিয়ে পাকিস্তান ভাবে না।

কাশ্মীর ইস্যুতে গোলাম মুস্তাফা বলেন, পাকিস্তান এরকম করে ভাবতেই পারবে না। তাঁদের চিন্তাভাবনার সংকীর্ণতাই বেশ কয়েক ধাপ পিছিয়ে দিয়েছে ভারতের থেকে। সাবেক এই পাক সেনার বক্তব্যে ১৯৬৫ সালের ভারত পাকিস্তান যুদ্ধের প্রসঙ্গও উঠে আসে। তিনি বলেন, ওই যুদ্ধে পাকিস্তানের পরাজয় অবশ্যম্ভাবী ছিল। কারণ, ভারত যেভাবে হামলা চালিয়েছিল, পাকিস্তান একেবারেই তার জন্য প্রস্তুত ছিল না। আগস্টের শুরুর দিকে কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয় বিজেপি শাসিত ভারত সরকার। এরপর থেকে ভারত পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। সেইসঙ্গে দেশ দুইটির সম্পর্ক তলানিতে ঠেকেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন