
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন সরকার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি, লেবাননের হিজবুল্লাহ ও ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মানুচিন স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। তিনি বলেন, আইআরজিসি, হিজবুল্লাহ ও হামাসের কয়েকজন কর্মকর্তাকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। মানুচিন আরো বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ যে সিদ্ধান্ত নিয়েছেন তার সঙ্গে তিনি একমত। মার্কিন অর্থ মন্ত্রণালয় এ পর্যন্ত বহুবার আইআরজিসি, হিজবুল্লাহ ও হামাসের বহু কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসী ভূমিকাকে প্রতিহত করার ক্ষেত্রে আইআরজিসি, হিজবুল্লাহ ও হামাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।