
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের তেল স্থাপনায় ইয়েমেনিদের ড্রোন হামলায় ইরানের সম্পৃক্ততার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান।ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, অভিযোগ, বিপর্যয়ের অবসান ঘটাবে না। গত এপ্রিলে ইরান এ বিষয়ে যে ৪ দফা প্রস্তাব দিয়েছে তা মেনে নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।জারিফ এক টুইটে বলেন, আমেরিকা ও তার আশ্রিতরা ইয়েমেনে আটকা পড়েছে, কারণ তারা এই বিভ্রান্তিতে রয়েছে যে অস্ত্র ক্ষেত্রে ভালো অবস্থানের মাধ্যমে সামরিক বিজয় সম্ভব। আমেরিকা সর্বোচ্চ চাপের নীতিতে ব্যর্থ হয়ে এখন ইরানের সঙ্গে সর্বোচ্চ প্রতারণায় নেমেছে বলে তিনি মন্তব্য করেন। এছাড়া, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, আমেরিকার সর্বোচ্চ চাপ এখন সর্বোচ্চ মিথ্যাচারে পরিণত হয়েছে। সৌদি আরবে ইয়েমেনিদের ড্রোন হামলার সঙ্গে ইরানকে জড়িয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যে বিবৃতি দিয়েছেন তার প্রতিক্রিয়ায় তিনি এ কথা বললেন।