
আন্তর্জাতিক ডেস্কঃ ইরান, রাশিয়া ও তুরস্কের প্রেসিডেন্টদের শীর্ষ বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে সিরিয়ার সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করার আহ্বান জানানো হয়েছে। তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে গতরাতে ওই বৈঠকে অনুষ্ঠিত হয়। এটি ছিল তিন প্রেসিডেন্টের সিরিয়া বিষয়ক পঞ্চম শীর্ষ সম্মেলন। সোমবার রাতে প্রকাশিত ১৪ ধারাবিশিষ্ট বিবৃতিতে সিরিয়ার পুনর্গঠনে সহযোগিতা করা এবং দেশটির জনগণের জন্য মানবিক ত্রাণ পাঠানোর ক্ষেত্রে আরো বেশি সক্রিয় হওয়ার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানানো হয়।
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট তাইয়্যেব এরদোগান শিগগিরই সিরিয়া বিষয়ে ইরানের রাজধানী তেহরানে পরবর্তী বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করেন। বিবৃতিতে তারা বলেন, সিরিয়ার স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করার কাজে জাতিসংঘ ঘোষণা মেনে চলতে হবে। তিন প্রেসিডেন্ট সিরিয়ায় ইহুদিবাদী ইসরাইলের ধারাবাহিক হামলাকে দেশটির সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে অভিহিত করে বলেন, ইসরাইলের এই অস্থিতিশীলতা সৃষ্টিকারী পদক্ষেপের ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্রতর হবে। ইরান, তুরস্ক ও রাশিয়ার শীর্ষ নেতারা বলেন, একমাত্র পরস্পরের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হতে পারে।