
আন্তর্জাতিক ডেস্কঃ পাক অধিকৃত কাশ্মীর (Pakistan Occupied Kashmir) ভারতের অংশ বলে দাবি করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর। গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, “আমরা একদিন আক্ষরিক অর্থেই এর নিয়ন্ত্রণ আশা করি”। তিনি আরও বলেন, জম্মু ও কাশ্মীর সম্পর্কে মানুষ কী বলছে, তা সম্পর্কে “উদ্বিগ্ন” হওয়ার কোনও কারণ নেই, এবং নিজেদের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের অবস্থান রয়েছে এবং থাকবে। সাংবাদিক সম্মেলনে এস জয়শঙ্কর বলেন, “পাক অধিকৃত কাশ্মীর ভারতের অংশ, আমরা আশা করি একদিন নিয়ন্ত্রণাধীন হবে, কার্যকরী নিয়ন্ত্রণ”। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা অর্থাৎ ৩৭০ ধারা প্রত্যাহার এবং রাজ্যটিকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার বিষয়টিকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার চেষ্টা করে পাকিস্তান। তারমধ্যেই, কয়েক সপ্তাহ আগেই, জয়শঙ্করের মতো একই সুরে বিবৃতি দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু।