News71.com
 International
 21 Sep 19, 12:14 PM
 144           
 0
 21 Sep 19, 12:14 PM

শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ভারতে সাবেক মন্ত্রী চিন্ময়ানন্দ গ্রেফতার॥  

শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ভারতে সাবেক মন্ত্রী চিন্ময়ানন্দ গ্রেফতার॥   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তরপ্রদেশের শাহজাহানপুরের আইনের শিক্ষার্থী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে বিজেপি নেতা ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী স্বামী চিন্ময়ানন্দকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার উত্তরপ্রদেশের সহারনপুরের আশ্রম থেকে তাকে গ্রেফতার করে বিশেষ তদন্তকারী দল (সিট)। খবর আনন্দবাজার পত্রিকার। সিট সূত্র জানিয়েছে, গ্রেফতারের পর শারীরিক পরীক্ষার জন্য চিন্ময়ানন্দকে শাহাজাহানপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিকেলে তাকে আদালতে তোলা হবে।


গত সোমবার আদালতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে স্বামী চিন্ময়ানন্দের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন উত্তরপ্রদেশের ওই শিক্ষার্থী। ২৩ বছর বয়সী ওই তরুণীর অভিযোগ, এক বছর ধরে তাকে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেছেন চিন্ময়ানন্দ। গত ২৩ অগস্ট ফেসবুকে একটি ভিডিও পোস্টে প্রথমে চিন্ময়ানন্দের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেন তিনি। পরের দিন থেকে তার খোঁজ না মেলায় ওই তরুণীর পরিবার পুলিশের দ্বারস্থ হয়। এরপর রাজস্থানের জয়পুরে ওই তরুণীর খোঁজ মেলে।


এরপর তাকে আদালতে হাজির করা হয়। চিন্ময়ানন্দের ভয়েই তিনি পালিয়ে বন্ধুদের কাছে আশ্রয় নিয়েছিলেন বলে দাবি করেন ওই তরুণী। পরে তিনি ধর্ষণ ও এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন।চিন্ময়ানন্দের বিরুদ্ধে প্রথমে যৌন নির্যাতনের অভিযোগ করলেও পরে ওই তরুণী দাবি করেন, ওই বিজেপি নেতা তাকে ধর্ষণ করেছেন।চিন্ময়ানন্দের সে সব 'কুকীর্তি' তিনি গোপন ক্যামেরায় বন্দি করেছেন। এই মামলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হস্তক্ষেপের দাবি করেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন