
আন্তর্জাতিক ডেস্কঃ চীনকে পুরো বিশ্বের জন্য হুমকি হিসেবে দেখছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত, চীনের ক্রমবর্ধমান সামরিক শক্তিমত্তার দিকে ইঙ্গিত করে চীনকে বিশ্বের জন্য হুমকি বলেছেন তিনি। চীনের এমন সামরিক উত্থানের পেছনে নিজের পূর্বসূরিদেরও দায় দেখছেন ট্রাম্প। ট্রাম্প বলেছেন, চীন আমেরিকার বুদ্ধিবৃত্তিক সম্পদগুলো নিয়ে গেলেও সেটি আটকাতে কোনো পদক্ষেপ নেননি তাঁরা। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, একদিক থেকে দেখতে গেলে অবশ্যই চীন গোটা বিশ্বের জন্য হুমকিস্বরূপ। কারণ, তারা অন্য যেকোনো দেশের তুলনায় দ্রুতগতিতে তাদের সামরিক শক্তি বৃদ্ধি করছে। চীনের সামরিক উত্থানের কথা বলতে গিয়ে পূর্বসূরি প্রেসিডেন্টদের সমালোচনাও করেছেন ট্রাম্প। ট্রাম্পের দাবি, তাঁর আগের প্রেসিডেন্টরা চীনকে বছরে ৫০০ বিলিয়ন ডলার বা তার থেকেও বেশি অর্থ যুক্তরাষ্ট্র থেকে নিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। তিনি বলেছেন, ‘তাঁরা (আগের প্রেসিডেন্টরা) চীনকে আমাদের বুদ্ধিবৃত্তিক সম্পদ ও স্বত্বাধিকার চুরি করে নিয়ে যেতে দিয়েছেন। কিন্তু আমি সেটা হতে দিচ্ছি না।’