
আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের রাষ্ট্রীয় তেল স্থাপনায় হামলার জেরে দেশটিতে সামরিক বাহিনী ও সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। শুধু সৌদি আরব নয়, সংযুক্ত আরব আমিরাতেও সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র। এরইমধ্যে বিশ্বের অন্যতম দুই পরাশক্তি দেশকে নিয়ে যৌথ নৌমহড়ার ঘোষণা দিয়েছে ইরান। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, ইরান শীঘ্রই রাশিয়া এবং চীনের সঙ্গে নৌমহড়া চালাবে বলে ঘোষণা দিয়েছে। ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফের আন্তর্জাতিক ও কূটনৈতিকবিষয়ক প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কাদির নেজামী শনিবার যৌথ মহড়ার ঘোষণা দিয়ে বলেন, তিন দেশের নৌবাহিনী ভারত মহাসাগর এবং ওমান সাগরের আন্তর্জাতিক পানিসীমায় যৌথ মহড়া চালাবে।