
আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের উত্তরাঞ্চলের গিলজিট-বালিস্তানে এক বাস দুর্ঘটনায় পাকিস্তানি সেনাসহ ২৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ১২ জন আহত হয়েছেন। রোববার (২২ সেপ্টেম্বর) সকালে দেশটির উত্তরাঞ্চলের দায়মার জেলার গিলজিট-বালিস্তানের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। গিলজিট-বালিস্তানের প্রাদেশিক সরকারের মুখপাত্র ফয়জুল্লাহ ফিরাকের বরাতে দেশটির স্থানীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছেন।
ফয়জুল্লাহ ফিরাক জানান, বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি পাহাড়ের সঙ্গে ধাক্কা খায়। আহত ও নিহতদের মধ্যে পাকিস্তান সেনাবাহিনীর সদস্যরা আছেন। ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাদেরকে স্থানীয় ডিএইচকিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাদের অবস্থা গুরুতর তাদেরকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়ার প্রক্রিয়া চলছে। দেশটির সেনাবাহিনী এ উদ্ধার কাজ করছে।