
আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে অংশ নিতে বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তবে সেখানে অবস্থানকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনও বৈঠক হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন। এর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানে বিরত থাকতে বাধ্য হতে পারেন ইরানের প্রেসিডেন্ট। কেননা এখন পর্যন্ত হাসান রুহানি ও তার প্রতিনিধি দলকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র। তবে শেষ পর্যন্ত অবশ্য অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের উদ্দেশে যাত্রা করতে সমর্থ হন ইরানের প্রেসিডেন্ট। নিউ ইয়র্ক পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি স্পর্শকাতর, এটা ঠিক। তবে বহিঃশক্তির হস্তক্ষেপ ছাড়াই আঞ্চলিক দেশগুলো এ অঞ্চলের নিরাপত্তা প্রতিষ্ঠায় সক্ষম।