
আন্তর্জাতিক ডেস্কঃ ২০২০ সালে মিয়ানমারে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনের পর দেশটির রাষ্ট্রপতি হতে পারেন মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইয়াং। রাষ্ট্রপতি হওয়ার মনোবাসনা থেকে তিনি ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে জনসংযোগ করেছেন। মিয়ানমারে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সংখ্যালঘু জনগোষ্ঠী নির্মূলে অন্যতম প্রধান ভূমিকা রাখা এই সেনাপ্রধান বিশ্বজুড়ে সমালোচিত হলেও মিয়ানমারে তাকে কেউ অবমূল্যায়ন করবেন না। কারণ, দেশটির রাজনীতিতে রাজনীতিকদের জায়গা খুবই সীমিত। তারপরেও তিনি শেষ পর্যন্ত রাষ্ট্রপতি হতে পারবেন কিনা তা নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে।
অনেক সমালোচক ও রাজনীতি বিশ্লেষক মনে করেন সেনাবাহিনীর সিনিয়র জেনারেল পদটি রক্ষা করাই সেনাপ্রধান মিন অং হ্লাইয়াং-এর প্রধান লক্ষ্য। অতীতে সংবাদমাধ্যমে এক বিশেষ সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি দেশের শীর্ষপদে (রাষ্ট্রপতি) আসীন হতে চান কিনা। সেনাপ্রধান উত্তরে কখনও ‘না’ বলেননি। রাষ্ট্রপতি হতে জেনারেল মিন অং হ্লাইয়াং-এর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা আবশ্যক নয়। দেশটিতে রাষ্ট্রপতি নির্বাচিত হতে হলে সরাসরি ভোট নয়, নিম্নকক্ষের নির্বাচিত সদস্য, উচ্চকক্ষের নির্বাচিত সদস্য এবং সামরিক বাহিনীর প্রতিনিধিদের সমর্থন প্রয়োজন পড়ে। জেনারেল মিন অং হ্লাইয়াং সেই সমর্থন কিভাবে সংগ্রহ করেন তাই এখন দেখার বিষয়।