News71.com
 International
 25 Sep 19, 02:16 PM
 151           
 0
 25 Sep 19, 02:16 PM

ট্রাম্পকে অভিশংসন প্রশ্নে আনুষ্টানিক তদন্ত ডেমোক্র্যাটদের॥

ট্রাম্পকে অভিশংসন প্রশ্নে আনুষ্টানিক তদন্ত ডেমোক্র্যাটদের॥

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন বিষয়ে আনুষ্টানিক ঘোষনা দিয়েছে ডেমোক্র্যাটরা। ডেমোক্র্যাট নেতাদের অভিযোগ ট্রাম্প একজন রাজনৈতিক প্রতিপক্ষের ক্ষতি করতে একটি বিদেশি শক্তির সাহায্য চেয়েছেন। আজ বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট স্পিকার ন্যান্সি পেলোসি আনুষ্ঠানিকভাবে এই তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে অবশ্যই জবাবদিহি করতে হবে।

অনৈতিক কিছু করার কথা ট্রাম্প অস্বীকার করেছেন। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে ডেমোক্র্যাটদের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্তকে ‘আবর্জনা’ বলে উল্লেখ করেছেন। ট্রাম্পের অভিশংসনের পক্ষে ডেমোক্র্যাটদের মধ্যে জোর সমর্থন রয়েছে। তবে তদন্তের মধ্য দিয়ে রিপাবলিকান-নিয়ন্ত্রিত সিনেটে ট্রাম্পের অভিশংসন প্রস্তাব উঠলে তা পাস হওয়ার সম্ভাবনা কম। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপ নিয়ে ট্রাম্পকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে। এ নিয়ে তাঁর সঙ্গে বাগ্যুদ্ধ শুরু হয়েছে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট পদপ্রার্থী জো বাইডেনের।

উল্লেখ্য বর্তমানে মার্কিন প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তাই অভিশংসনের বিষয়ে তদন্তের পর কমিটি কোনো প্রস্তাব করলে তা প্রতিনিধি পরিষদে সহজেই পাস হয়ে যাবে। এরপরই তা যাবে সিনেটে। সেখানে প্রস্তাব পাসের জন্য দুই-তৃতীয়াংশ ভোট লাগবে। তবে সিনেটে রয়েছে রিপাবলিকানদের আধিপত্য। ফলে বিপাবলিকান সদস্যরা ফ্লোর ক্রস না করলে সেখানে ডেমোক্র্যাটদের এই প্রস্তাব পাসের সম্ভাবনা নেই বললেই চলে। ইউগভের এক জরিপে বলা হয়েছে, ইউক্রেন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে ওঠা অভিযোগ যদি প্রমাণ হয়, তবে ৫৫ শতাংশ মার্কিনি ট্রাম্পের অভিশংসনের পক্ষে সমর্থন দেবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন