News71.com
 International
 25 Sep 19, 07:07 PM
 173           
 0
 25 Sep 19, 07:07 PM

রোহিঙ্গারা পরিকল্পিত গণহত্যার শিকার, দায় আন্তর্জাতিক সম্প্রদায়ের॥ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

রোহিঙ্গারা পরিকল্পিত গণহত্যার শিকার, দায় আন্তর্জাতিক সম্প্রদায়ের॥ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্কঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ বলেন ২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনের কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার পর পূর্ব-পরিকল্পিত ও কাঠামোবদ্ধ সহিংসতা জোরালো করে মিয়ানমারের সেনাবাহিনী। হত্যা-ধর্ষণসহ বিভিন্ন ধারার সহিংসতা ও নিপীড়ন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে রোহিঙ্গা জনগোষ্ঠীর সাত লাখেরও বেশি মানুষ। জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংগঠন এ ঘটনায় খুঁজে পেয়েছে জাতিগত নিধন ও গণহত্যার আলামত। তবে এইসব অভিযোগ অস্বীকার করে আসছে মিয়ানমারের সেনাবাহিনী। দেশটির গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী ও রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি’ও রোহিঙ্গাদের পক্ষে কোনও ইতিবাচক ভূমিকা নিতে সক্ষম হননি। বরং গণহত্যাকে আড়াল করার চেষ্টা করেছেন তিনি। রোহিঙ্গা নিধনের ঘটনায় মিয়ানমারের কঠোর সমালোচনা করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ আরো বলেন, রাখাইনে যা ঘটেছে তা স্পষ্টত গণহত্যা। মাহাথির মনে করেন, মিয়ানমার এই সংকট সমাধানে আগ্রহী নয় বলে সেই দায় এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের।

মঙ্গলবার নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দফতরে স্থানীয় সময় বিকালে ওআইসি সেক্রেটারিয়েট ও জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন আয়োজিত ‘রোহিঙ্গা সংকট: উত্তরণের উপায়’ শীর্ষক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন মাহাথির। সে সময় তিনি বলেন, আসুন সোজাসাপ্টা কথা বলি। রাখাইনে যা ঘটেছে তা গণহত্যা। সেখানে গণহত্যা, পদ্ধতিগত ধর্ষণসহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। মিয়ানমারের দাবি, সন্ত্রাসী হুমকি মোকাবিলায় তারা রাখাইনে অভিযান চালিয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, সেখানে রাষ্ট্রীয় সন্ত্রাসের কারণে লাখ লাখ মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। এখন মিয়ানমার যেহেতু এ সমস্যার সমাধানে আগ্রহ দেখাচ্ছে না, তখন এর সমাধানের দায়িত্ব আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপরই বর্তায়। ভবিষ্যতে মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলার উদ্দেশ্যেই জাতিসংঘ প্রতিষ্ঠা করা হয়েছিল। এখন সংস্থাটির উচিত রোহিঙ্গা সংকট নিরসনে ভূমিকা রাখা। জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর কোনও প্ল্যাটফর্মে এটিই মাহাথিরের প্রথম ভাষণ। তিনি বলেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের বেশিরভাগই বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নিয়েছে। ড. মাহাথির বলেন, ১২ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেওয়ায় আমরা বাংলাদেশকে সাধুবাদ জানাই। মালয়েশিয়াও যতটুকু সম্ভব করার চেষ্টা করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন