
নিউজ ডেস্কঃ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দুবাই থেকে আসা যাত্রীর মালামালের মধ্যে ৫০ পিস সুপারভিগা মিলেছে। মো. রবিউল আলম নামের ওই যাত্রীর কাছ থেকে ২৩০ কার্টন সিগারেটও উদ্ধার করা হয়। চট্টগ্রাম কাস্টম হাউসের দায়িত্বরত সহকারী কমিশনার মো. আমিনুল ইসলাম জানান, স্ক্যানিং মেশিনে ওই যাত্রীর তিনটি লাগেজে সন্দেহজনক পণ্য থাকার ব্যাপারে নিশ্চিত হওয়া যায়। এরপর তাকে চ্যালেঞ্জ করা হয়। লাগেজ খুলে ২৩০ কার্টন (৪৪ হাজার শলাকা) সিগারেট এবং ৫০ পিস যৌন উত্তেজক সুপারভিগা ৪৫ এমএল স্প্রে পাওয়া যায়। কাস্টম হাউসের যুগ্ম কমিশনার নাহিদ নওশাদ মুকুল বলেন, বিমানবন্দর দিয়ে সব ধরনের চোরাচালান, পাচার, রাজস্ব ফাঁকি রোধে কঠোর অবস্থান নিয়েছে কাস্টম হাউস কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে সিগারেট ও স্প্রে ধরা পড়েছে।