
আন্তর্জাতিক ডেস্কঃ গোটা অস্ট্রেলিয়ায় গর্ভপাত আর অপরাধ নয়। শেষ রাজ্য হিসেবে নিউ সাউথ ওয়েলসেও গর্ভপাতকে নিরপরাধ হিসেবে স্বীকৃতি দিতে আইনের সংস্কারের পক্ষে ভোট দিয়ে তাদের সমর্থন জানিয়েছে এমপিরা। বৃহস্পতিবারের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি বিল পাস করার মাধ্যমে দেশটির ১১৯ বছরের পুরোনো আইনটির অবসান ঘটলো। এতদিন ধরে গর্ভপাত আইনত দণ্ডনীয় অপরাধ ছিল রাজ্যটিতে। প্রাদেশিক পরিষদে ২৬ জন আইনপ্রণেতা বিলটির পক্ষে এবং ১৪ জন আইনপ্রণেতা বিলটির বিপক্ষে ভোট দেন। অবশ্য বিলটি সংসদে উত্থাপন করার পর এক সপ্তাহ বিতর্কের মধ্য দিয়ে প্রস্তাবিত বিলটিতে শতাধিক সংশোধন আনা হয়। ইতোমধ্যে উচ্চকক্ষ বিলটির অনুমোদন দিয়েছে।