
আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর আরব সাগরে মহড়া শুরু করেছে পাক নৌ বাহিনী। পরিস্থিতি আঁচ করে নিজের জলসীমায় নিরাপত্তা বাড়িয়েছে ভারত। আশঙ্কা করা হচ্ছে, ওই মহড়ার সময় পাক সেনা বা ওই সুযোগ নিয়ে জলপথে কোনও জঙ্গি গোষ্ঠী হামলা চালাতে পারে। জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা খর্ব করা এবং তাকে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভেঙে ফেলা নিয়ে ভারত বিরোধিতার সুর চড়াচ্ছে পাকিস্তান। আন্তর্জাতিক মঞ্চকে ব্যবহার করার কৌশলও জারি রেখেছে ইসলামাবাদ। আর তাতে ভারত-পাকিস্তান কূটনৈতিক উত্তেজনার পারদ এখন তুঙ্গে। গত ২৫ সেপ্টেম্বর থেকে উত্তর আরব সাগরে মহড়া চালাচ্ছে পাক নৌ বাহিনী। তা চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। ক্ষেপণাস্ত্র, রকেট এবং আরও নানা সমরাস্ত্র পরীক্ষা চালানো হবে। এ জন্য ওই এলাকা দিয়ে চলাচলের ক্ষেত্রে বাণিজ্য তরীগুলিকে সতর্কও করেছে ইসলামাবাদ।