
আন্তর্জাতিক ডেস্কঃ ভারত সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর থেকেই প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে দেশটির সম্পর্কের অবনতি ঘটেছে। যতই দিন যাচ্ছে দু'দেশের মধ্যে উত্তেজনা বাড়ছেই। এদিকে ভারতের তরফ থেকে দাবি করা হয়েছে যে, দেশটির কাশ্মীর সীমান্তের ৩১টি এলাকা লক্ষ্য করে হামলার পরিকল্পনা করছে পাকিস্তান। ভারতীয় গোয়েন্দাদের তরফ থেকে জানানো হয়েছে, জাতিসংঘের সাধারণ সভার সব কার্যক্রম শেষ হয়ে গেলেই ভারতীয় সীমান্তের ৩১ জায়গায় যুদ্ধবিরতি লঙ্ঘন করতে চলেছে পাকিস্তান। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনে ইসলামাবাদ এবার জঙ্গি শিবিরগুলোকে চাঙ্গা করতে চাচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে। এই ৩১ জায়গায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে জঙ্গিরা ভারতে ঢোকার চেষ্টা করছে। সাধারণ নাগরিকদের সামনে রেখে ভারতে প্রবেশের পরিকল্পনা করছে জঙ্গিরা।