
আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের সেরা প্রভাবশালী নেতাদের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অন্যতম। ভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে কথা বলার জন্য বিশেষ মোবাইল ফোন ব্যবহার করেন তিনি। এ মোবাইল ফোন কেবল পুতিনের জন্যই বিশেষভাবে বানানো হয়েছে। সচরাচর যে সব স্মার্টফোন পাওয়া যায় এটি তার চেয়ে আকারে বেশ পুরু। রাশিয়ার মিডিয়াকে এ কথা জানিয়েছে ক্রেমলিনের একটি সূত্র। ফোনটিতে কয়েক ধাপের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। কথা চলাকালে মোবাইল ফোনের সিগন্যালের কোনো ধরনের বিকৃতি না ঘটে তারও ব্যবস্থা রাখা রয়েছে। দুই নেতার মধ্যে চলমান আলোচনায় আড়িপাতার কোনো সুযোগ এতে নেই। রুশ সরকারের নিরাপদ লাইনটি সামরিক কৃত্রিম উপগ্রহের মাধ্যমে চলে গেছে। গোপন প্রযুক্তির মাধ্যমে কথাবার্তাকে সংকেতবদ্ধ করে পাঠানো হয়। এ ধরনের বার্তার সংকেত মোচন করতে চাইলে এক বছরেরও অধিক সময় লাগবে বলে ক্রেমলিনের সূত্র থেকে জানানো হয়েছে।