
আন্তর্জাতিক ডেস্কঃ চীন ও মিয়ানমারের সরকার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে (বিআরআই) স্থায়ীরূপ দিতে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা বিষয়ক পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে। মিয়ানমারের বিনিয়োগ ও বৈদেশিক অর্থনৈতিক সম্পর্ক মন্ত্রণালয় ঘোষণা করেছে, গত সপ্তাহে এই পরিকল্পনাটি তৈরির জন্য দুই দেশের মধ্যে রাজধানী নেপিডোতে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এশিয়া, ইউরোপের ১৫২ টি দেশে চীন সরকার অবকাঠামোগত উন্নয়ন এবং বিনিয়োগের বিষয়ে বিআরআই এর সঙ্গে জড়িত। ২০১৯ সালের এপ্রিলে বেইজিংয়ে অনুষ্ঠিত দ্বিতীয় বিআরআই ফোরামের আন্তর্জাতিক সহযোগিতার সময় এই পরিকল্পনার ধারণাটি উত্থাপন করা হয়েছিল। ঐ ফোরামে স্টেট কাউন্সেলর অং সান সু চি উপস্থিত ছিলেন। তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে একান্তে বৈঠকও করেছিলেন।
গত সোমবারের বৈঠকে আলোচনায় মিয়ানমারের প্রতিনিধি দলের নেতৃত্বে দেন বিনিয়োগ ও বৈদেশিক সম্পর্ক মন্ত্রকের স্থায়ী সচিব ইউ অং নাইং। অন্যদিকে চীনের দলের নেতৃত্ব দেন চীনের পররাষ্ট্র বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বিভাগের মহাপরিচালক ওয়াং শেংওয়েনের। উভয় দেশের বিভিন্ন সংস্থার প্রায় ৭০ জন প্রতিনিধিও এই বৈঠকে উপস্থিত ছিলেন। এ পঞ্চবার্ষিকী পরিকল্পনা হাতে নেওয়ার আগে দুই দেশ বেশকিছু ক্ষেত্রে চুক্তি করেছে এবং ঐক্যেমতে পৌঁছানোর জন্য কাজ করে যাচ্ছে।