
আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৪তম অধিবেশনে গতকাল শুক্রবার বিকেলে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার এ ভাষণের আগ মুহূর্তে নিউ ইয়র্কে জাতিসংঘ ভবনের সামনে যুক্তরাষ্ট্র আওয়াম লীগ-বিএনপির নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ মারামারির একটি ভিডিও ভয়েস অব আমেরিকার ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফরের প্রতিবাদে নিউ ইয়র্কের রাস্তার পাশে বিএনপির নেতাকর্মী জড়ো হয়ে নানা স্লোগান দিচ্ছেন। এ সময় তাদের ওপর হামলা চালান আওয়ামী লীগের নেতাকর্মীরা। দুই দলের প্রবাসী নেতাকর্মীদের সংঘাত ঠেকাতে দেশটির পুলিশ এগিয়ে আসে এবং দুই পক্ষকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেয়। সংঘর্ষে ইটপাটকেল ছাড়াও বেরিকেডের কাঠ ভেঙে নিক্ষেপ করতে দেখা যায়।