
আন্তর্জাতিক ডেস্কঃ উঁচু ভবনে চড়ে গিনেস বুকে ওয়ার্ল্ড রেকর্ড নাম করা ‘স্পাইডার-ম্যান’ খ্যাঁত ফ্রান্সের অ্যালেন রবার্ট। বহুতল ভবনে চড়াই তার নেশা। পঞ্চাশোর্ধ্ব বয়সে রীতিমতো মৃত্যুকেই যেন জয় করে নিয়েছেন। ফ্রান্সের দুঃসাহসিক এই নাগরিক অল্প সময়েই চড়তে পারেন শতাধিক মিটার। তবে জার্মানিতে গিয়ে বিপত্তির মুখে পড়তে হলো তাকে। ডেইলি সাবাহ জানায়, শনিবার সকালে জার্মানির বাণিজ্যিক রাজধানী ফ্র্যাংকফুর্টে একটি স্কাইপার বিল্ডিংয়ে চড়েন অ্যালেন। মাত্র ২০ মিনিটে ১৫৩ মিটার উঁচুতে উঠে যান। তবে ভবন থেকে নামার সময় পুলিশ তাকে আটক করে। ঝুঁকি নিয়ে ভবনে চড়ার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। তবে যেহেতু ভবনের কোনো ক্ষয়ক্ষতি করেননি, এ জন্য শুধু জরিমানা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। যদিও এ কাজ করতে গিয়ে একাধিকবার গ্রেপ্তার হতে হয়েছে তাকে।