
আন্তর্জাতিক ডেস্কঃ জনসম্মুখে অশালীন কোনো কাজকর্ম করলে জরিমানা গুণতে হবে সৌদিতে। শনিবার এক ঘোষণায় মধ্যপ্রাচ্যের এই কট্টরপন্থি দেশটি জানিয়েছে, কোনো ব্যক্তি জনসম্মুখে অশালীন পোশাক পরলে, প্রকাশ্যে কাউকে চুমু দিলে বা এ ধরনের কোনো অশালীন কাজকর্ম করলে তার ওপর জরিমানা করা হবে। পর্যটকদের জন্য দুয়ার খুলে দেয়ার একদিন পরেই এমন ঘোষণা দিল সৌদি। এর আগে সৌদির তরফ থেকে জানানো হয়েছে, বিদেশি পর্যটকরা এখন থেকে সৌদিতে ঘুরে বেড়াতে পারবেন। কারণ প্রথমবারের মতো দেশটি পর্যটন ভিসা চালু করছে। তবে দেশটিতে পর্যটকদের জন্য ভিসা চালু হলেও কিছু বিধি-নিষেধও মেনে চলতে হবে। বিশেষ করে নারীদের পোশাক শালীন হতে হবে। তেলের ওপর নির্ভরতা কমিয়ে অর্থনীতিতে বৈচিত্র্য আনতে দেশটি এবার পর্যটনের দিকে ঝুঁকতে শুরু করেছে। এরই অংশ হিসেবে পর্যটন ভিসা চালুর ঘোষণা দিয়েছে সৌদি। বিভিন্ন দেশ থেকে যেসব নারী পর্যটকরা সৌদিতে ঘুরতে আসবেন তাদের আবায়া বা বোরকা পরতে হবে না। তবে তারা যে পোশাকই পরবেন তা শালীন হতে হবে বলে এক বিবৃতিতে পর্যটন খাতের প্রধান আহমেদ আল খতিব জানিয়েছেন।