
আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে হত্যা করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন একজন যুদ্ধবাজ মার্কিন সিনেটর। রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম এক টুইটার বার্তায় ট্রাম্পের প্রতি এ আহ্বান জানান। তিনি বলেন, বাশার আসাদের সঙ্গে ট্রাম্পকে সেই আচরণ করতে হবে যে আচরণ তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির সঙ্গে করেছিলেন।
মার্কিন সিনেটর এমন সময় সিরিয়ার প্রেসিডেন্টকে হত্যা করার আহ্বান জানালেন যখন দেশটিতে গত আট বছরেরও বেশি সময় ধরে সহিংসতা চলছে। ২০১১ সালে এই আমেরিকা ও তার আঞ্চলিক মিত্ররা সিরিয়ায় উগ্র সন্ত্রাসীদের লেলিয়ে দেয়। এসব সন্ত্রাসী গোষ্ঠী সিরিয়ার বিভিন্ন এলাকা দখলে নিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। অবশ্য ইরানের সামরিক পরামর্শ এবং রাশিয়ার প্রত্যক্ষ সামরিক সহযোগিতায় সন্ত্রাসীদের বিরুদ্ধে বিজয় লাভ করেছে দামেস্ক। বর্তমানে সিরিয়ার উত্তরাঞ্চলে অল্প কিছু এলাকা নিয়ন্ত্রণ করছে সন্ত্রাসীরা। সূত্র : পার্সটুডে।