
আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে আফগান নাগরিকরা যাতে নিজের দেশে যেতে পারে সে জন্যে পাকিস্তান তার সীমান্ত মখুলে দিয়েছে। শনিবার (২৮ সেপ্টেমবর) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রক এ তথ্য জানিয়েছে। তারা আফগানিস্তানের কাছ থেকে খুব অল্প সময় আগে এই অনুরোধ পেয়েছে যাতে সীমান্তে এই সুযোগ দেয়া হয়। আফগান নির্বাচনের সময়ে সে দেশে যাতে কোন ধরণের অনুপ্রবেশ না ঘটে সে জন্য পাকিস্তান শনিবার এবং আজ রোববার তার সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল। তালিবান জঙ্গিদের মদদ দেবার জন্য আফগানিস্তান বার বার পাকিস্তানকে অভিযুক্ত করেছে আর পাকিস্তানও প্রতিবারই এই অভিযোগ অস্বীকার করেছে।