
আন্তর্জাতিক ডেস্কঃ “হুমায়ূন আহমেদ ছিলেন একজন জাদুকর। মানুষকে আকর্ষণ করার অসম্ভব এক ক্ষমতা নিয়ে জন্মেছিলেন তিনি। সেই ক্ষমতা তার লেখায়, তার ব্যক্তিত্বে। তিনি নেই, কিন্তু তার কাজে তিনি অনন্তকাল বেঁচে থাকবেন”। নিউইয়র্কে হুমায়ূন আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন উদ্বোধন করে এমনটাই বললেন বিশিষ্টজনেরা। শনিবার নিউইয়র্কের পিএস ১৩১ এ দুইদিনের হুমায়ূন আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় দুপুর একটায়। তবে আনুষ্ঠানিক উদ্বোধন হয় সন্ধ্যায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। কথাসাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম। এ ছাড়া সম্মানিত অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব ১ মো: তোফাজ্জল হোসেন মিয়া, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চীফ মাহবুব হাসান সালেহ, নিউইয়র্কের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা।
সবাইকে ধন্যবাদ জানিয়ে হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজন শাওন বলেন, “গোটা বিশ্বে হুমায়ূনকে ছড়িয়ে দিতে এমন আয়োজন আরও করা হবে”।অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হুমায়ূন আহমেদের মঞ্চনাটক “ঘটনা সামান্য”। অভিনয় করেছেন কাজী খুরশিদ উজ জামান উৎপল, শিরিন বকুল, টনি ডায়েস, প্রিয়া ডায়েস, স্বাধীন খসরু, নাজিয়া জাহান এবং শাহ জুলফিকার। পরিচালনায় ছিলেন ফরহাদ হোসেন। নৃত্যের মূর্চ্ছণায় দর্শকদের মন ভরিয়ে তোলে শতদল, নৃত্যাঞ্জলি ও স্বরলিপি। এ ছাড়া সঙ্গীত পরিবেশন করেন মেহের আফরোজ শাওন, সেলিম চৌধুরী, শাহ মাহবুব, চন্দন চৌধুরী, কামরুজ্জামান বকুলসহ অনেকে। দুই দিনের আয়োজনটি পরিণত হয় হুমায়ূণ ভক্তদের মহামিলনমেলায়। সম্মেলনে আসা দর্শনার্থীরা বললেন, “হুমায়ূন আহমেদকে নিয়ে এমন অসাধারণ আয়োজন এর আগে হয়নি গোটা আমেরিকায়”।