
আন্তর্জাতিক ডেস্কঃ ২১ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ভারতের মুম্বইয়ের ভাসাইয়ে এক পাদ্রীর বিরুদ্ধে। ওই পাদ্রীর বিরুদ্ধে অভিযোগ, তিনি ওই তরুণীকে সম্মোহিত করে একাধিকবার ধর্ষণ করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এই সময়’র প্রতিবেদনে বলা হয়, মানসিক অবসাদগ্রস্ত ওই তরুণী সুস্থ হতে ৪৫ বছর বয়সী পাদ্রীর কাছে যান। এ সময় তার সঙ্গে ছিল পরিবারের সদস্যরাও। ওই তরুণীর অভিযোগ, গত মাসে তার নিজের অসুস্থতার কথা জানিয়ে পাদ্রীর রিসোর্টে যান। সেই সময়ে তাকে সম্মোহিত করে ধর্ষণ করেন ওই পাদ্রী। ওই পাদ্রীর দাবি, তিনি অনেক মানুষের সমস্যার সমাধান করে তাদের সুস্থ করেছেন। তাই অনেক মানুষই তার ওই উপাসনা কেন্দ্রে যান। সেখানে তিনি বিনামূল্যে তাদের সমস্যার সমাধান করেন। গত বছরের আগস্টে ওই তরুণী নিজের মানসিক সমস্যার কথা জানিয়ে বাবা-মায়ের সঙ্গে ওই পাদ্রীর কাছে যান। এর কিছুদিন পর পাদ্রী তার বাবা-মাকে বলেন, তারা যেন তাদের মেয়েকে একা রেখে বাড়ি চলে যান। পাদ্রীর কথামতো তার বাবা-মা চলে গেলে ওই তরুণীকে নিজের রিসোর্টে নিয়ে সম্মোহিত করে একাধিকবার ধর্ষণ করেন। রিসোর্টটিতে আরও অনেক নারীকেই একইভাবে যৌন হয়রানি করা হয় বলেও অভিযোগ রয়েছে। নির্যাতিত ওই তরুণী বাড়ি ফিরে আসলেও কাউকে কিছু না বলে বিষয়টি এড়িয়ে যান। কিছুদিন পর তারা এক জায়গায় বেড়াতে যায়। সেখানে তরুণীর বাবা-মায়ের পরিচিত এক ব্যক্তি তাদের জানান, তিনি তাদের মেয়েকে ওই পাদ্রীর সঙ্গে রিসোর্টে দেখেছিলেন। তার বাবা-মা এই বিষয়ে কিছুই জানেন না দেখে এই ব্যক্তি অবাক হন। এরপর ওই তরুণীর বাবা-মা তাকে জিজ্ঞাসা করলে, তিনি সব খুলে বলেন। এর ভিত্তিতেই ভাসাই পুলিশ স্টেশনে ওই পাদ্রীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন তারা। ভাসাই আদালতে অভিযুক্তকে পেশ করা হলে তাকে পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।