
আন্তর্জাতিক ডেস্কঃ পিপলস রিপাবলিকান অব চীনের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে সাজসাজ রব উঠেছে কমিউনিস্ট দেশটিতে। অন্যদিকে বিক্ষোভে-স্লোগানে আরও ফুঁসে উঠছে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হংকং। দাবি একটাই- স্বাধীনতা। আর এজন্য চীনের বর্ষপূতিকেই টার্গেট করেছে তারা। আগামীকাল (১ অক্টোবর) চীনের বর্ষপূর্তির আয়োজনকে মাটি করতে শনিবার থেকে বিক্ষোভ শুরু করেছে তারা। রোববার থেকে বিশ্বব্যাপী ‘চীনের একনায়কবিরোধী’ বিক্ষোভের ডাক দিয়েছে হংকংবাসী। আগামীকাল মঙ্গলবার সবচেয়ে বড় সমাবেশের ডাক দিয়েছেন বিক্ষোভকারীরা। হংকংয়ের এ বিক্ষোভের ফলে চীনের বর্ষপূর্তি পণ্ড হওয়ার ঝুঁকিতে বলে জানিয়েছে এএফপি।
এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চীনের হিরো ও পুরনো বন্ধুদের পুরস্কৃত করলেন প্রেসিডেন্ট শি জিনপিং।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিয়ানআনমেন স্কয়ারে ট্যাংক, ক্ষেপণাস্ত্র, সামরিক বিমান ও সাঁজোয়া যানের মহড়াসহ সামরিক বাহিনীর কসরতের আয়োজন করতে যাচ্ছে চীন। আগেই সামরিক শক্তি প্রদর্শনের উচ্চাভিলাষী পরিকল্পনার কথা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট শি। এদিকে ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী জ্যা পিয়ারে রাফারিন ও কানাডিয়ান নৃবিজ্ঞানী ইসাবেলা ক্রুকসহ ৪২ ব্যক্তিকে মেডেল দিয়েছেন শি জিনপিং। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৯ জন। তাদের চীনের পুরনো বন্ধু ও হিরো অ্যাখ্যা দিয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রেসিডেন্ট বলেন, ‘দেশের মানুষ ও দলের জন্য নিবেদিতপ্রাণ এসব হিরো ও বন্ধু।’ মেডেল পেয়েছেন চীনের প্রথম নাগরিক হিসেবে নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত তু ইউইউ, চীনের হাইড্রোজেন বোমার জনক পরমাণু বিজ্ঞানী ইউ মিন, কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো ও থাইল্যান্ডের প্রিন্সেস মাহা চাকরি সিরিনধর্ন।