
আন্তর্জাতিক ডেস্কঃ পূর্ব আফ্রিকার সোমালিয়ায় একটি মার্কিন ঘাঁটিতে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। হামলায় বেশ কয়েকজন সেনা সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার দেশটির রাজধানী মোগাদিসুর বালডোগলে বিমানবন্দরে অবস্থিত একটি মার্কিন প্রশিক্ষণ ঘাঁটিতে এই হামলা চালানো হয়। স্থানীয়দের বরাত দিয়ে সোমবার বিবিসি জানায়, বালডোগলে বিমানবন্দরে বিকট বিস্ফোরণ এবং গোলাগুলির আওয়াজ পাওয়া গেছে। মার্কিন সেনারা দক্ষিণের লোয়ার শাবেল অঞ্চলের ওই বিমানবন্দর প্রশিক্ষণঘাঁটি হিসেবে ব্যবহার করে। সোমালিয়ার জঙ্গিদল আল-শাবাব হামলার দায় স্বীকার করে এক বিবৃতিতে বলেছে, “অত্যন্ত সুরক্ষিত ওই সেনাঘাঁটির সীমানাপ্রাচীর ভেঙ্গে যোদ্ধারা ভেতরে তাণ্ডব চালিয়েছে। সেনাদের সঙ্গে তাদের কঠিন লড়াই হয়েছে। প্রথমে প্রধান ফটকের কাছে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটনো হয় এবং পরে যোদ্ধারা ভেতরে প্রবেশ করে।” যে জঙ্গিরা ভেতরে প্রবেশ করেছিল তাদের সেনাবাহিনী বাইরে বের করে দিয়েছে বলে দাবি করেন কয়েকজন সেনা কর্মকর্তা।