
আন্তর্জাতিক ডেস্কঃ একদিক দিয়ে কোরীয় উপদ্বীপকে পারমাণবিক নিরস্ত্রীকরণের আলোচনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্মত হচ্ছে উত্তর কোরিয়া, আরেকদিক দিয়ে পাল্টা নিজেদের অস্ত্রের মহড়া চালিয়েই যাচ্ছে দেশটি। এ নিয়ে প্রশ্ন উঠেছিল, ট্রাম্প-কিমের দীর্ঘদিন ধরে থেমে থেমে চলা নিরস্ত্রীকরণ আলোচনা আদৌ কী ফলপ্রসূ হবে? বেশ কয়েকদিন পর নতুন করে এ প্রশ্ন আবার সামনে এসেছে। কেননা, উত্তর কোরিয়া আবারও চালিয়েছে পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা। দেশটি জানিয়েছে, বুধবার (০২ অক্টোবর) তারা সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য নতুন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন করেছে।
দেশটির সরকারি সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) বরাত দিয়ে বৃহস্পতিবার (০৩ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়। যদিও এর একদিন আগে মঙ্গলবার (০১ অক্টোবর) উত্তর কোরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী চো সন হই জানিয়েছিলেন, তারা ওয়াশিংটনের সঙ্গে আবার পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়ে আলোচনা করতে আগ্রহী। উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন সফল এই পরীক্ষার জন্য এর সঙ্গে জড়িত সব কর্মকর্তাকে অভিনন্দন জানিয়েছেন। বুধবার উত্তর কোরিয়ার ওনসান বন্দরের কাছের সমুদ্র থেকে সাবমেরিনের মাধ্যমে উৎক্ষেপণ করা নতুন এই ক্ষেপণাস্ত্রের নাম ‘পুকগুকসং-৩’ রাখা হয়েছে বলে জানায় কেসিএনএ। এদিকে, ক্ষেপণাস্ত্রটি পরীক্ষার পরপরই জাপান ও দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার এ কাণ্ডের নিন্দা করে বলেছে, উত্তর কোরিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অবমাননা করেছে।