
আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লভিভ বিমানবন্দরের কাছে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। স্পেনের ভিগো থেকে ইস্তাম্বুলের দিকে যাওয়ার সময় ইউক্রেনের স্থানীয় সময় শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। অ্যান্তোনোভ-১২ নামের এই বিমানটি এক স্থান থেকে অন্য স্থানে পণ্য বা মালামাল সরবরাহের কাজে ব্যবহৃত হতো। ইউক্রেন এয়ার অ্যালাইয়ান্সের ওই বিমানটির জ্বালানি শেষ হয়ে গিয়েছিল। বিমানটি বিমানবন্দরে অবতরণের আগেই বিধ্বস্ত হয়। জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটিতে সাত ক্রু এবং অপর এক যাত্রী ছিলেন। তারা মালামাল বহন করছিলেন। চার ইঞ্জিন বিশিষ্ট বিমানটি স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টা ১০ মিনিটে রাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে এটি বিমানবন্দর থেকে দেড় কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়।