News71.com
 International
 05 Oct 19, 06:55 PM
 179           
 0
 05 Oct 19, 06:55 PM

ইরাকের সরকারবিরোধী বিক্ষোভে নিহত বেড়ে ৭২ ।।

ইরাকের সরকারবিরোধী বিক্ষোভে নিহত বেড়ে ৭২ ।।

আন্তর্জাতিক ডেস্কঃ  মধ্যপ্রাচ্যের দেশ ইরাকে বেকারত্ব, দুর্নীতি, ঘুষ ও নিম্নমানের সরকারি সেবার বিরুদ্ধে বিগত কয়েকদিন ধরে বিক্ষোভ করছে দেশটির সাধারণ মানুষ। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানেই দেশটিতে চলমান সরকারবিরোধী এ বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়েছে প্রায় দ্বিগুণ। শেষ খবর পাওয়া পর্যন্ত, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে। এছাড়া আহত হয়েছে আরও কয়েকশ’ মানুষ।  শনিবার (৫ অক্টোবর) এমন তথ্যই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। সংবাদমাধ্যমের খবরে বলা হয়, নিজেদের অধিকার আদায়ের আগ পর্যন্ত রাজপথেই অবস্থান করবেন বলে জানিয়েছে বিক্ষোভরত হাজারো মানুষ। 

 

শুক্রবার (৪ অক্টোবর) ইরাকের রাজধানী বাগদাদের প্রাণকেন্দ্র তাহরীর স্কয়ারে জড়ো হয়ে সরকারবিরোধী স্লোগান দিতে শুরু করেন বিক্ষোভকারীরা। এসময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছুড়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।হাসপাতাল ও প্রত্যক্ষদর্শীদের তথ্যানুযায়ী, ওই সময় ঘটনাস্থলেই অন্তত ১০ জন নিহত হয়। এদিকে বাগদাদ পুলিশ বলছে, অজ্ঞাতনামা স্নাইপারের গুলিতে ২ পুলিশ সদস্যসহ ৪ জনের প্রাণহানি হয়েছে।  অন্যদিকে বিক্ষোভকারীদের দাবি মানতে শনিবার বাগদাদে জারি করা দিনব্যাপী কারফিউ তুলে নিয়েছে প্রশাসন। তবে বিক্ষোভকারীরা যেন সহজেই জড়ো হতে না পারে, এজন্য বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেটসেবা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন