
আন্তর্জাতিক ডেস্কঃ সম্প্রতি বেশ কয়েকদিন ধরে ঝড় ও ভারি বৃষ্টিপাতের ফলে পৃথিবীর ফুসফুস খ্যাত অ্যামাজন বনের বলিভিয়া অংশের আগুন নিভে গেছে। গত দুই মাস ধরে জ্বলছিলো বলিভিয়ার অ্যামাজন বন। এতে প্রায় ৪০ লাখ হেক্টর বনভুমি ধ্বংস হয়েছে। সোমবার বলিভিয়ার কর্তৃপক্ষ গণমাধ্যমকে এই তথ্য জানায়। বলিভিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, ভারি ঝড়-বৃষ্টি সান্তা ক্রুজ প্রদেশের চিকুইতানিয়া অঞ্চলের আগুন নেভাতে সেনা সদস্যদের প্রচেষ্টায় সহায়ক ভুমিকা পালন করেছে। ওই অঞ্চলে রয়েছে বিশাল শুকনো বনাঞ্চল। যেখানে শতশত বছর ধরে বংশপরম্পরায় বাস করে আসছেন বেশ কয়েকটি আদিবাসী গোষ্ঠী। সান্তা ক্রুজ প্রদেশের সরকারের পরিবেশ বিষয়ক কর্মকর্তা সিনথিয়া আসিন বলেন, ‘স্যাটেলাইট চিত্রে এখন আর কোনো আগুন বা পুনরায় সক্রিয় হওয়া আগুন দেখা যাচ্ছে না’। এদিকে আশঙ্কা করা হচ্ছে, সামনের দিনগুলোতে তাপমাত্রা বেড়ে গেলে পুনরায় বনে আগুল লাগতে পারে। যে কারণে সেখানে মোতায়েনকৃত ৫০০০ সেনাকে সরিয়ে আনা হবে না। বলিভিয়ার প্রতিবেশি ব্রাজিলের অ্যামাজন বনের আগুন এখনো পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। তবে আবহাওয়ার উন্নতি হওয়ায় আগুনের পরিমাণ কমে এসেছে।