
আন্তর্জাতিক ডেস্কঃ চলতি সপ্তাহে ভারত যাওয়ার কথা রয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর। তার আগে মঙ্গলবারই চীনে যান পাক-প্রধানমন্ত্রী ইমরান খান। বৈঠকে ইমরানকে চীনের প্রেসিডেন্ট বলেছেন, তিনি কাশ্মির পরিস্থিতির ওপর নজর রাখছেন আর পাকিস্তানের স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয়েই তার সরকার পাশে থাকবে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ খবর জানিয়েছে। ইমরানের সঙ্গে বৈঠকে কাশ্মীর সমস্যা দ্বিপক্ষীয় আলোচনার মধ্য দিয়ে সমাধানেরও পরমার্শ দিয়েছেন শি। তিনি বলেন, “পরিস্থিতির ঠিক এবং ভুল দিকটি পরিস্কার। দু’পক্ষরই শান্তিপূর্ণ আলোচনার মধ্য দিয়ে কাশ্মীর বিরোধ নিষ্পত্তি করা উচিত।” ভারত সরকার গত ৫ অগাস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে রাজ্যটি কেন্দ্রশাসিত দুইটি আলাদা অঞ্চলে ভাগ করার ঘোষণা দেয়।এরপর থেকেই ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েছে।