
নিউজ ডেস্কঃ কাতারের রাজধানী দোহায় বসছে বাংলাদেশি পণ্যের একক প্রদর্শনী। দেশটির বিশ্বখ্যাত প্রদর্শনী কেন্দ্র দোহা এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে (ডিইসিসি) আগামী ১০ থেকে ১২ ডিসেম্বর এটি অনুষ্ঠিত হবে। প্রদর্শনীর শিরোনাম ‘মেড ইন বাংলাদেশ’। এর আয়োজক বাংলাদেশ ফোরাম কাতার (বিএফকিউ)। মেলা আয়োজন উপলক্ষে আজ সোমবার বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে এক বিজনেস সেশনের আয়োজন করে বিএফকিউ। এতে প্রদর্শনীর বিভিন্ন দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানে বিএফকিউর সভাপতি ইফতেখার আহমেদ বলেন, সৌদি অবরোধের কারণে কাতার এখন বিভিন্ন পণ্যের উৎস দেশ খুঁজছে। তাই বাংলাদেশ এ সুযোগ নিতে পারে। আয়োজকেরা আরও জানান, প্রদর্শনীর পাশাপাশি কয়েকটি আলোচনা সভা আয়োজন, বাংলাদেশি খাবার উপস্থাপন, ফ্যাশন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা থাকবে। প্রদর্শনীতে বাংলাদেশের কৃষি, ব্যাটারি, তার ও বিদ্যুৎ, সিমেন্ট, সিরামিক, তৈরি পোশাক, তথ্যপ্রযুক্তি, খাদ্য ও পানীয়, মৎস্য ও মাংস, আসবাব, চামড়া, আবাসন, প্লাস্টিক, শিক্ষা ও স্বাস্থ্য, জাহাজ নির্মাণ, বস্ত্র ও পাট, প্রসাধন এবং পর্যটন সেবাদাতা কোম্পানিগুলো যোগ দেবে বলে আশা করছেন আয়োজকেরা।