
আন্তর্জাতিক ডেস্কঃ স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল কাতালোনিয়ায় স্বাধীনতার দাবিতে গণভোট আয়োজনকে কেন্দ্র করে ‘রাষ্ট্রদ্রোহের’ অভিযোগে স্বাধীনতাকামী ৯ নেতাকে কারাদণ্ড দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। এর জেরে সেখানে চলমান বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত ৭৮ জন আহত হয়েছেন। বিবিসি জানায়, সোমবার (১৪ অক্টোবর) ওই রায়ে ক্ষুব্ধ হয়ে কাতালোনিয়ার রাজধানী বার্সেলোনায় বিক্ষোভে নামে জনতা। পরবর্তীতে বিক্ষোভকারীদের সঙ্গে বিমানবন্দর এলাকায় সংঘর্ষ হয় পুলিশের। এতে অন্তত ৭৮ জন আহত হন। স্প্যানিশ এয়ারপোর্ট অপারেটর ‘এনা’র বরাত দিয়ে মঙ্গলবার (১৫ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়। এ ঘটনায় এখন পর্যন্ত বার্সেলোনা বিমান বন্দরের শতাধিক ফ্লাইট বাতিল হয়েছে বলেও খবরে জানানো হয়। এরই মাঝে কাতালোনিয়ার বাইরে অন্য অনেক অঞ্চলেও বিক্ষোভ ছড়িয়ে পড়তে শুরু করেছে। পরিস্থিতি সামাল দিতে সাময়িকভাবে মাদ্রিদ কাতালোনিয়ার প্রশাসনিক দায়িত্ব নিয়েছে।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ দাবি করেছেন, কাতালোনিয়ার অধিকাংশ মানুষ স্বাধীন কাতালান চায় না, কিন্তু বিচ্ছিন্নতাবাদীরা তাদের অভিমত এড়িয়ে গেছে। আদালতের রায়ে বিচ্ছিন্নতাবাদীদের আন্দোলন ব্যর্থ প্রমাণিত হয়েছে। বিক্ষোভকারীদের সতর্ক করে দিয়ে সানচেজ বলেন, আইন লঙ্ঘন করা হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে স্বাধীনতাকামী কাতালান সরকার প্রধান কুইম তোরা ৯ নেতাকে কারাদণ্ড দেওয়ার প্রতিক্রিয়ায় বলেন, লাখ লাখ কাতালোনিয়ানের বিরুদ্ধে দেওয়া এ রায় ন্যায় নয়, বরং ‘প্রতিহিংসা’। স্বাধীন কাতালান গঠনে আমরা নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করবো।