News71.com
 International
 16 Oct 19, 01:10 PM
 198           
 0
 16 Oct 19, 01:10 PM

সিরিয়ায় মার্কিন সৈন্যদের জায়গায় টহলে রাশিয়ান সৈন্যরা ।।

সিরিয়ায় মার্কিন সৈন্যদের জায়গায় টহলে রাশিয়ান সৈন্যরা ।।

আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর সিরিয়ায় আমেরিকান সৈন্যদের ছেড়ে যাওয়া অঞ্চলে এখন টহলে নিয়োজিত রয়েছে রাশিয়ান সৈন্যরা। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্দেশ অনুযায়ী সোমবার উত্তর সিরিয়ার দুইটি ঘাঁটি ত্যাগ করে তার সেনারা। এই শূন্যতা পূরণে এগিয়ে এসেছে রাশিয়া। উত্তর সিরিয়ার পরিত্যক্ত মার্কিন ঘাঁটিতে এখন রাশিয়ানদের পদচারণা। এ সংক্রান্ত ভিডিওতে ভরপুর সামাজিক যোগাযোগ মাধ্যম। এ খবর দিয়েছে নিউ ইয়র্ক টাইমস। গত সপ্তাহে অকস্মাৎ উত্তর সিরিয়ার কুর্দি অধ্যুষিত অঞ্চল থেকে মার্কিন সেনাদের চলে আসার নির্দেশ দেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর ফলে সিরিয়ার কুর্দি সেনাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্রতার অবসান ঘটে। সিরিয়ার কুর্দিদের সন্ত্রাসী হিসেবে গণ্য করে তুরস্ক।

মার্কিন সৈন্য প্রত্যাহারের পরপরই তুরস্ক ওই অঞ্চলে প্রবেশ করে। ফলে সেখান থেকে লাখ লাখ শরণার্থী নিজ বাসস্থান ছেড়ে অন্যত্র চলে যান। উপায়ান্তর না দেখে সিরিয়ান কুর্দিরা মৈত্রী গড়ে সরকারি বাহিনীর সঙ্গে। সম্প্রতি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, সিরিয়ার সেনাবাহিনী ও তুরস্কের সেনাবাহিনীর মধ্যবর্তী অঞ্চলে টহল দিচ্ছে রাশিয়ার সামরিক পুলিশ। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর মানবিজের দায়িত্ব নিয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র রাশিয়া। রাশিয়ার ওই বিবৃতিতে বলা হয়েছে, তুরস্কের সঙ্গে এ বিষয়ে সমন্বয় করা হচ্ছে। এতে বলা হয়, সিরিয়া ও তুরস্কের সেনাবাহিনীর মধ্য কোনো সামরিক সংঘাত হতে দেবে না রাশিয়া। এদিকে কুর্দিদের বিরুদ্ধে তুরস্কের এই সামরিক পদক্ষেপের প্রতিক্রিয়ায় ইউরোপিয়ান ইউনিয়নের ২৮টি রাষ্ট্র একযোগে তুরস্কের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। একদিন পর বৃটেনও তুরস্কের সঙ্গে সামরিক সম্পর্ক স্থগিত করেছে। তবে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান বলেছেন, চাপের মুখে তিনি আক্রমণ থেকে সরে আসবেন না। তিনি বলেছেন, ‘আমরা শিগগিরই মানবিজ থেকে ইরাক সীমান্ত পর্যন্ত অঞ্চল নিয়ন্ত্রণে আনবো।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন